নাটোরে পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) নাটোর শহরের মল্লিকহাটি মহল্লায় এ ঘটান ঘটে।
নিহতের নাম মো. শাওন। তিনি মল্লিকহাটি পশ্চিমপাড়ার দিলু মিয়ার ছেলে। অভিযুক্তের নাম মো. আলিফ। তিনি মল্লিকহাটি পশ্চিমপাড়ার বাবু মিয়ার ছেলে। পেশায় টাইলস মিস্ত্রি।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে ঘাস কেটে হাসুয়া হাতে স্থানীয় এক হোটেলে নাস্তা করতে যান শাওন। এ সময় বন্ধু আলিফের সঙ্গে দেখা হওয়ায় পাওনা টাকা চান তিনি। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাওনের হাত থেকে হাসুয়া কেড়ে নেয় আলিফ। এরপর ওই হাসুয়া দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই শাওন প্রাণ হারান।
নাটোর সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।’ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।