রাজশাহীর চারঘাট সীমান্তে সন্ধ্যার পর বাংলাদেশিদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিজিবি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিয়ম জারি থাকবে। সীমান্তবর্তী উপজেলা চারঘাটে পদ্মার চর থেকে আকবর আলী নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধারের পর এই সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে পদ্মার পাড়ে উপজেলার পিরোজপুর এলাকার আকবর আলীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, আকবর আলীকে মাদক ব্যবসা বা পারিবারিক বিরোধের জেরে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে লাশটি গুম করার লক্ষ্যে পদ্মার পাড়ে বালুর স্তূপের কাছে নিয়ে রাখা হয়েছিল।
এদিকে, নিহত আকবর আলীর লাশ পদ্মার পার থেকে উদ্ধার হওয়ায় বিজিবির পক্ষ থেকে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি পদ্মা পাড়ে সন্ধ্যার পরে জনসাধারণকে না যেতে বলা হয়েছে।
বিজিবির চারঘাট বিকল্প ক্যাম্পের ইনচার্জ হাবিলদার খলিলুর রহমান বলেন, আকবর আলীর লাশটি পদ্মার পাড়ে পাওয়া যাওয়ায় টহল জোরদার করা হয়েছে। সেই সঙ্গে জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে সন্ধ্যার পরে জরুরি কাজ ছাড়া পদ্মাপাড়ে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাদকসহ চোরাচালান প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা টহল দিলেও সীমান্ত এলাকায় বিভিন্ন অজুহাতে এলাকাবাসী ঘোরাফেরা করেন। তাই আকবরের মরদেহ পাওয়া যাওয়ার পর থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
/এসটি/