প্রেম মানে না কোনও বাধা। প্রেমের টানে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে আসছেন অনেক ভিনদেশি তরুণ-তরুণী। এই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে এসে প্রেমিকাকে বিয়ে করেছেন এক শ্রীলঙ্কান নাগরিক।
এক সপ্তাহ আগে বাংলাদেশে আসেন শ্রীলঙ্কান যুবক রোশান মিঠুন। এরপর তিনি যান উত্তরের জেলা জয়পুরহাটে। গত ২২ সেপ্টেম্বর জয়পুরহাট সদরের উত্তর পাথুরিয়া গ্রামে প্রেমিকা রাহেনা বেগমকে বিয়ে করেন তিনি। রাহেনা ওই গ্রামের শাহাদুল ইসলামের মেয়ে।
জানা গেছে, রাহেনা জর্ডানে গিয়ে একটি কোম্পানিতে চাকরি করতেন। ওই কোম্পানির সুপারভাইজার পদে ছিলেন শ্রীলঙ্কান যুবক রোশান। সেখানেই তাদের পরিচয়, তারপর প্রেম। দেড় বছর আগে ওই যুবক নিজ দেশে ফিরলেও জয়পুরহাটের তরুণী দেশে ফেরেন এ বছর। পরে শ্রীলঙ্কা থেকে এক সপ্তাহ আগে জয়পুরহাটে এসে রাহেনাকে বিয়ে করেন রোশান।
বিয়ের বিষয়ে রাহেনা বলেন, ছোটবেলায় আমার বিয়ে হয়, একটি বাচ্চাও আছে। ২০১৫ সালে জর্ডানে যাই। সেখানে থাকা অবস্থায় স্বামী আমাকে ডিভোর্স দেন। ওই সময় আমি যে প্রতিষ্ঠানে কাজ করতাম সেখানে সুপারভাইজার পদে চাকরি করতেন রোশান। একপর্যায়ে তার সঙ্গে পরিচয় এবং প্রেমের সম্পর্ক তৈরি হয়। দেড় বছর আগে রোশান তার নিজ দেশ শ্রীলঙ্কায় চলে যায়। আর এ বছরের ফেব্রুয়ারি মাসে আমি দেশে আসি। মোবাইল ফোনে আমাদের কথা হতো। তার পরিবারের সঙ্গেও আমার কথা হয়েছে। সম্প্রতি রোশান জয়পুরহাটে আসেন। পরে আমাদের বিয়ে হয়।
এ বিষয়ে জানতে চাইলে রোশান মিঠুন বলেন, ‘মেয়ের পরিবার পছন্দ হয়েছে। তারা সবাই অনেক ভালো। আমি এখানে এসে বিয়ে করেছি। এখানেই থাকতে চাই।’