বগুড়ার শেরপুরে দুবলাগাড়ি এলাকায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ বাড়ির মালিক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছে।
নিহত শ্রমিকরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের জহুরুল ইসলাম (৩৫) এবং খানপুর ইউনিয়নের সাগর মিয়া (২২)।
শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, দুবলাগাড়ি এলাকায় আবুল কালাম আজাদ বাড়ি নির্মাণ করছেন। বুধবার সকাল ৯টার দিকে শ্রমিকরা নবনির্মিত সেপটিক ট্যাংকের ঢালাই করা ছাদের সাটার খুলছিলেন। পরে ট্যাংকের ভেতরে নামলে জহুরুল ইসলাম ও সাগর মিয়া মারা যান।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। লাশ দুটি উদ্ধার করতে গিয়ে স্টেশন অফিসার সোহেল রানা অসুস্থ হয়ে পড়েন।
/বিটি/এসটি/