ইউপি সদস্য যুবলীগ নেতাকে প্রকাশ্যে পিটিয়েছে দুর্বৃত্তরা

বগুড়ার ধুনটে সদর ইউনিয়নের সদস্য ও যুবলীগ নেতা সুলতান মাহমুদকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে ধুনট বাজারের ফলপট্টি এলাকায় প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, আহত যুবলীগ নেতা সুলতান মাহমুদ ধুনট উপজেলার পারধুনট গ্রামের সিরাজ প্রামানিকের ছেলে। তিনি ধুনট সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে এক ব্যক্তি মোবাইল ফোনে জরুরি কাজের কথা বলে তাকে দেখা করতে বলেন। এরপর তিনি ধুনট বাজারের ফলপট্টি এলাকায় যান। এ সময় ১০/১২ জন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে প্রকাশ্য রাস্তার ওপর মারধর করতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলার বিষয়ে সুলতান মাহমুদ বলেন, রাজনৈতিক ও নির্বাচন সংক্রান্ত পূর্বের মতবিরোধের জের ধরেই হামলা চালানো হয়েছে।

ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি।