টাইগারদের জয় ও প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তি: কলেজ ছাত্র গ্রেফতার

গ্রেফতার হওয়া কলেজ ছাত্র রাকিবএশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আর এই ম্যাচে মিরপুর স্টেডিয়ামে বসে খেলা দেখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঠে এসে প্রধানমন্ত্রীর টাইগারদের উৎসাহ দেওয়া ও পাকিস্তানের পরাজয় মেনে নিতে পারেননি রাজশাহীর বাঘা উপজেলার রাকিবুল ইসলাম রাকিব। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন রাকিব। বৃহস্পতিবার প্রথমে আটক এবং মামলার পর রাকিবকে গ্রেফতার করে পুলিশ।
রাকিব বাঘা শাহদৌলা ডিগ্রি কলেজের ছাত্র ও এইচএসসি পরীক্ষার্থী। তিনি বাঘা পৌরসভার আমোদপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহামুদ। তিনি জানান, রাকিব জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকার দল সম্পর্কে ফেসবুকে কটূক্তিমূলক লেখার অভিযোগ রাকিবের বিরুদ্ধে রয়েছে। বুধবার রাতে এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের জয় হওয়ার পর প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল মুখ দেখে রাকিব আবারও অশ্লীল ভাষায় কটূক্তিমূলক লেখা পোস্ট করেন। একইসঙ্গে ভারতের আম্পায়ারকে ‘হাত’ করার পরামর্শ দেন। তবে রাকিবের ফেসবুক ফ্রেন্ডস ছাড়া কেউ এই পোস্ট দেখতে পারছেন না।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে শাহদৌলা ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি সাকিব তথ্য ও প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে রাকিবকে থানায় রাখা হয়েছে। শুক্রবার আদালতে চালান করা হবে।

/এএ/