ফারাক্কার সব গেট খোলা

স্থানীয়দের কৌতূহলে আবার মাপা হলো পদ্মার পানি, একটুও বাড়েনি

ভারতের মুর্শিদাবাদ ও মালদহ জেলার গঙ্গা নদীতে অবস্থিত ফারাক্কা বাঁধের সব কটি গেট খুলে দেওয়ার পর রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়েনি। গত সোমবার বিকাল ৩টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত পানির উচ্চতা একই জায়গায় স্থির আছে। তবে স্থানীয়দের কৌতূহলের কারণে আবারও মাপা হলো পদ্মার পানি।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, সোমবার বিকাল ৩টায় পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ মিটার। বুধবার সকাল ৯টায় সেখানে একই উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। অঞ্চলটিতে পানির বিপদসীমা ১৮ মিটার। ফলে পদ্মার পানি বিপদসীমার ১ দশমিক ৭০ মিটার নিচে আছে।

রাজশাহী পাউবোর গেজ রিডার (পানির উচ্চতা পরিমাপকারী) এনামুল হক বলেন, ‌‘সাধারণত দিনে তিনবার পানির উচ্চতা পরিমাপ করা হয়। সকাল ৬টা, বিকাল ৩টা ও সন্ধ্যা ৬টায়। তবে স্থানীয়দের কৌতূহলের কারণে বুধবার সকাল ৯টায় পানির উচ্চতা পরিমাপ করা হয়েছে। তখনও একই উচ্চতা পাওয়া গেছে।’

ফারাক্কা ব্যারাজের ছেড়ে দেওয়া পানি ভারতের মুর্শিদাবাদ ও পাটনায় প্লাবিত হওয়ার পর রাজশাহীতে নেমে আসবে জানিয়ে এনামুল হক বলেন, ‘বিহারে বন্যা হয়েছে। এখন যদি নেপালি ঢলের পানি আসে; তবেই বিপদসীমা অতিক্রম করতে পারে। এ ছাড়া পানি নিয়ে আর আশঙ্কার কোনও কারণ নেই।’

বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটের সব কটি খুলে দেওয়া হয়েছে। ভারত সরকারের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।