চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজার এলাকায় আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগজিন ও ১৪০ রাউন্ড গুলিসহ আলাউদ্দীন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। রবিবার সকালে র্যাব এ অভিযান চালায়।
আটক আলাউদ্দীন শিবগঞ্জ উপজেলার চামাটোলা গ্রামের সলিমুদ্দীন মণ্ডলের ছেলে। র্যাবের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এই অস্ত্রের চালান আনা হচ্ছিল।
দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল সকাল সোয়া ৮টার দিকে সাইকেল আরোহী আলাউদ্দীনের ব্যাগ তল্লাশি করে আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ১৪০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আলাউদ্দীন সংঘবদ্ধ অস্ত্র চোরাচালান চক্রের অন্য সদস্যদের নাম উল্লেখ করেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
/বিটি/টিএন/