ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনে সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কাগজপত্রে ত্রুটি থাকায় এবি পার্টির দুই প্রার্থীসহ সাত জনের মনোনয়ন বাতিল করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া বাছাই শেষে এ তথ্য জানান।
তিনি জানান, জয়পুরহাট-১ আসনে আট জন বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী এবং জয়পুরহাট-২ আসনে ছয় জনসহ দুটি আসনে ১৪ জন মনোনয়নপত্র জমা দেন। শনিবার বাছাই শেষে জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর ফজলুর রহমান সাঈদ, বাসদের মো. ওয়াজেদ পারভেজ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) তৌফিকা দেওয়ানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা, জালাল উদ্দীন মণ্ডল, খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন ও এবি পার্টির সুলতান মো. সামসুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়।
জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামীর রাশেদুল আলম সবুজ, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী, আমিনুল ইসলাম ও এবি পার্টির এস এ জাহিদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
/এএম/