স্ত্রীকে হত্যার অভিযোগে সাংবাদিক কামাল মালিকের বিরুদ্ধে মামলা

স্ত্রীকে হত্যার অভিযোগে রাজশাহীর সাংবাদিক কামাল মালিকের (৫৫) বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলাটি করেন তারই শ্যালক শাহাদত হোসেন। মামলায় কামাল মালিককেই একমাত্র আসামি করা হয়। 

গত শুক্রবার (৩০ জানুয়ারি) থেকেই তিনি পুলিশ পাহারায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। কামাল মালিক রাজশাহীর স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপসম্পাদক। তিনি নগরের হড়গ্রাম বাজারের একটি তিনতলা বাসার তৃতীয়তলায় ভাড়া থাকতেন। ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় ওই বাসায় যায়। এ সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভেতরে ঢুকে পুলিশ দেখে কামাল মালিক বিছানায় পড়ে আছেন। তার হাতে ও পায়ে জখম ছিল। তিনি এক ধরনের রাসায়নিক পান করেছিলেন। আর মেঝেতে পড়ে ছিল তার স্ত্রী রওশন আরার (৫০) লাশ। তার গলায় কাপড় প্যাঁচানো ছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকেই উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন। আর কামাল মালিককে ভর্তি রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে আহত সাংবাদিক ও তার স্ত্রীর লাশ উদ্ধারের রহস্য উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, সাংবাদিক কামাল মালিক পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রওশন আরাকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী শনিবার বিকালে বলেন, ‘ঘটনার সময় বাসায় আর কেউ ছিলেন না। বাসার দরজা ভেতর থেকে লাগানো ছিল। তা থেকে অনুমান করা যায় যে কামাল মালিক নিজে স্ত্রীকে হত্যার পর আত্মহ্যার চেষ্টা করেছিলেন। তা ছাড়া প্রাথমিকভাবেই খোঁজখবর নিয়ে তাদের দাম্পত্য কলহের বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ।’

ওসি ফরহাদ আলী আরও বলেন, ‌‘এ ঘটনায় শনিবার রাতে কামাল মালিকের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন তার শ্যালক। আসামি পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে। চিকিৎসা শেষ হলে তাকে গ্রেফতার দেখানো হবে।’

রামেক হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘কামাল মালিক এখন শঙ্কামুক্ত। তাকে আইসিইউ থেকে ওয়ার্ডে দেওয়া হবে। পুরোপুরি সুস্থ হলে ওয়ার্ড থেকে ছাড়পত্র দেওয়া হবে। তখন হয়তো গ্রেফতার দেখাবে পুলিশ।’