৭১ হাজার টাকাসহ ইউনিয়ন জামায়াতের আমির আটক, মুচলেকা দিয়ে ছাড়া

ভোট কিনতে গিয়ে ৭১ হাজার টাকাসহ সিরাজগঞ্জের কামারখন্দে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মমিনকে আটক করেছিলেন বিএনপির নেতাকর্মী। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে প্রশাসন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটক হওয়া আব্দুল মমিন কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর ইউনিয়ন জামায়াতের আমির।

এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ভোট কেনার জন্য এসেছে, এমন দাবি করে আব্দুল মমিনের শরীর তল্লাশি করে ৭১ হাজার টাকা ও একটি ব্যাগ উদ্ধার করেন বিএনপির সমর্থিত নেতাকর্মীরা। এ সময় আশপাশের বেশ কিছু লোকজন এসে ভিড় করেন।

খবর পেয়ে কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌঁছে আব্দুল মমিনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেন। 
আব্দুল্লাহ আল মামুন বলেন, সিএনজিযোগে যাওয়ার সময় জামায়াতের সমর্থক আব্দুল মমিনকে আটক করেন বিএনপির নেতাকর্মীরা। তারা দাবি করেন, ভোট কেনার জন্য সংগ্রহে থাকা ৭১ হাজার টাকা তারা উদ্ধার করেছেন। উদ্ধার হওয়া ব্যাগে জামায়াতে ইসলামীর নাম সংবলিত টি-শার্ট ও বেশ কিছু ব্যাজ ছিল।

এ কর্মকর্তা আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দাবি করেছেন, তাদের কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। যা তারা পোলিং এজেন্টদের খরচ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। আর টি-শার্ট ও ব্যাচ তাদের স্বেচ্ছাসেবকরা ব্যবহার করবে। এ সময় তাদের কাছে বেশকিছু পোলিং এজেন্টের ফরমও পাওয়া গেছে। টাকার অংশে গরমিল এবং উভয়ের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি তদন্তের জন্য জুডিশিয়াল কমিটিতে পাঠানো হয়েছে। তদন্তের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।