ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ এর নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৭টায় নির্ধারিত সময়ে দুই আসনের ভোটগ্রহণ শুরু হয়েছিল। একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে।
তবে নির্বাচনে বড় ধরনের কোনও গোলযোগের খবর পাওয়া যায়নি। ভোটে অনিয়মের বিভিন্ন অভিযোগ তুলেছেন জামায়াতের প্রার্থীরা। অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। বিকাল ৩টায় সংবাদ সম্মেলনে করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। এ ছাড়া দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ, আগেই ফলাফল শিটে স্বাক্ষর করে রাখাসহ কিছু অভিযোগ করেছেন বগুড়া-৬ আসনের জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল।
বগুড়া-৬ আসন
এই আসনের প্রার্থীরা হলেন- বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আমিন তালুকদার। ১৫০টি ভোটকেন্দ্র ও ৮৩৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়। পরে ভোট গণনা শুরু হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, পোস্টাল ব্যালট ছাড়াই ৪২.৪৯ শতাংশ ভোট পড়েছে।
রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুন জানিয়েছেন, কোনও অপ্রীতিকর ঘটনা ও পোস্টাল ব্যালট ছাড়াই ৪২.৪৯ শতাংশ ভোট পড়েছে। এখন ভোট গণনা চলছে। শেষ হলে ফলাফল ঘোষণা করা হবে।
শেরপুর-৩ আসন
এখানে বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান প্রতিদ্বদ্বিতা করছেন। ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়।
বিকাল ৩টায় সংবাদ সম্মেলনে করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী। তিনি অভিযোগ করেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং জালভোট ও প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশকে জানিয়েও কোনও প্রতিকার পাওয়া যায়নি।
এর আগে দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ আনেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘অভিযোগ খতিয়ে দেখা ও প্রতিবেদন পাঠানোর রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’