মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইট দিয়ে এক ভ্যানচালকের মাথা থেঁতলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেলগাছি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম আলম (৪৪)। তিনি বেলগাছি গ্রামের আশরাফের ছেলে। পুলিশ অভিযুক্ত মজিবর রহমানকে (৫৫) আটক করেছে। তিনিও বেলগাছি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মজিবর রহমান চলন্ত ভ্যান থামানোর জন্য সংকেত দেন। তবে ভ্যানচালক আলম কিছুটা দূরে গিয়ে ভ্যান থামান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মজিবর। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি ইট দিয়ে আলমের মাথার পেছনে কয়েকটি আঘাত করেন।

এতে গুরুতর আহত হয়ে আলম ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাবাসী মজিবরকে পাঠক ক্লাবে আটকে রাখেন। পরে ঘটনাস্থলে পুলিশ মজিবরকে নিতে গেলে উত্তেজিত জনতা তাকেও মারধরের চেষ্টা করেন। এ সময় জনতার রোষানলে পড়ে দুই জন পুলিশ সদস্যও সামান্য আহত হন। পরে পুলিশ মজিবরকে থানায় নিয়ে যায়।

মোহনপুর থানার এসআই মোদাস্বের হোসেন খাঁন জানান, আটক ব্যক্তি থানায় আছেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিহত ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।