জানা গেছে, বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের আউচপাড়া ইউনিয়ন নেতা শহিদুজ্জামান কর্মী সমর্থকদের নিয়ে হাটগাঙ্গোপাড়া বাজারে শোডাউন দেয়। এ সময় একই ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী সরদার জান মোহাম্মদ তার কর্মী সমর্থক নিয়ে শোডাউন বের করে। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় সভাপতি সরদার জান মোহাম্মাদের লোকজন বিদ্রোহী প্রার্থী শহিদুজ্জামানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তাদের হামলায় শহীদুজ্জামানসহ তিনজন আহত হন।
এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ বলেন, আমি দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করি। এতে ক্ষিপ্ত হয়ে জান মোহাম্মদের লোকজন আমার কর্মী সমর্থকদের মোটরসাইকেল শোডাউনে হামলা চালায়। হামলাকারীরা আমার স্ত্রী ফরিদা ইয়াসমিনকে লাঞ্ছিত করেছে। হামলায় আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে আউচপাড়া ইউপির চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি সরদার জান মোহাম্মদ বলেন, শহিদুজ্জামান শহিদ তার লোকজন নিয়ে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তাকে ও তার লোকজনকে হত্যার জন্য তাড়া করেন। আমার কয়েকজন কর্মীকে মারপিটও করা হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এ ঘটনায় ২১ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। তদন্ত করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ দফায় আগামী ৭ মে রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
/বিটি/