বগুড়ায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

বগুড়াবগুড়ায় পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ৩ এপ্রিল শেরপুরের একটি বাড়িতে গ্রেনেড তৈরি করতে গিয়ে দুই জঙ্গি নিহত এবং বিপুল পরিমাণ গ্রেনেড, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, পহেলা বৈশাখের উৎসবকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আয়োজকদের বিকাল ৫টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান শেষ করারও অনুরোধ জানিয়েছেন।

তিনি জানান, বৈখাখের অনুষ্ঠানস্থলের প্রবেশ-বাহির পথসহ আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন থাকবে। ডিএসবি ও গোয়েন্দা পুলিশ মেটাল ডিটেক্টরসহ সার্বক্ষণিক নজরদারি করবে। এছাড়া মোবাইল টিম এবং রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স ছাড়াও বিজিবি, দমকল বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুষ্ঠানস্থলে থাকবেন। পাশাপাশি র‌্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবেন।



/এমও/