দেশকে মাফিয়াতন্ত্র থেকে মুক্তি দিয়েছে বিএনপি: প্রতিমন্ত্রী ফারজানা

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘দেশে মাফিয়াতন্ত্র সৃষ্টি করা হয়েছিল। লুটতরাজ, চাঁদাবাজি, খুন-গুম ছিল পতিত সরকারের প্রধান কাজ। বিএনপি সরকারে এসে সেসব মাফিয়াতন্ত্র থেকে দেশ ও জাতিকে মুক্তি দিয়েছে। এখন গণমুখী কাজ করছে সরকার।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ স্বৈরাচারী শাসন চালিয়ে দেশকে প্রশ্নবিদ্ধ অবস্থানে রেখে গেছে। গণতন্ত্র হরণ করে মানুষকে গুম করেছে। এভাবে বাংলাদেশের গণতন্ত্র  যতবার লুণ্ঠিত হয়েছে, ততবারই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি।’

ফারজানা শারমিন বলেন, ‘১৯৯০ সালে গণতন্ত্র লুণ্ঠিত হয়। সেই ক্রান্তিলগ্নে দেশকে গণতন্ত্রের পথ দেখান বেগম খালেদা জিয়া। আপসহীন নেত্রীর হাত ধরে নতুন করে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়।’

তিনি বলেন, ‘১৭ বছর শোষণের মাধ্যমে আবারও দেশকে মাফিয়াতন্ত্রে রূপ দেওয়া হয়। তছনছ করা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে। বাংলাদেশকে মেরুদণ্ডহীন ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সব ধরনের পাঁয়তারা করা হয়েছে। কিন্তু এই সংকটময় মুহূর্তেও এবার বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার হাত ধরে গণতন্ত্রের শুভ সূচনা করেছে বিএনপি।’

লালপুর উপজেলা বিএনপি আয়োজিত ওই সমাবেশে উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।