জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নিয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত একে একে অসুস্থ হয়ে পড়ে ওই শিক্ষার্থীরা।
বিদ্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের পর বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও বমি বমি ভাব অনুভব করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে একে একে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকরা অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখেন।
হাসপাতালে ভর্তি ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘গত দুই দিন থেকে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা হঠাৎ দুয়েকজন করে মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ছিল। আজ দুপুর থেকে হঠাৎ একে একে অনেক শিক্ষার্থী মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে। আমরা হাসপাতালে ভর্তি হয়ে আছি। চিকিৎসা চলছে।’
এই শিক্ষার্থীর মা বলেন, ‘সকালে আমার মেয়ে স্কুলে যায়। দুপুরের দিকে ক্লাস চলাকালে সে অসুস্থ হয়ে পড়ে। শিক্ষকরা আমাদের জানালে আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি। এখন তার চিকিৎসা চলছে।’
কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ বলেন, ‘দুপুরের পর থেকে একে একে শিক্ষার্থীরা মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়লে আমরা শিক্ষক ও অভিভাবকেরা মিলে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে আসি। এখন তাদের চিকিৎসা চলছে। তবে দুই/তিন জনের অবস্থা আশঙ্কাজনক।’
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ পাল বলেন, ‘দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ের ২০-২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে আসে। এর মধ্যে ১৭ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি জানান, ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তীব্র গরম বা সাইকোলজিক্যাল কোনও সমস্যার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অসুস্থ শিক্ষার্থীরা এখন স্বাভাবিক রয়েছে এবং চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণে রেখেছেন।