রাজশাহী মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

.রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকরা তিন দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছে। রবিবার দুপুর আড়াইটা থেকে তারা কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দেন।
রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. তামজীদ-উল-হক (হৃদয় খান) জানান, তিনদিনের মধ্যে দোষীদের গ্রেফতারসহ পাঁচ দফা দাবি না মানা হলে আগামী ২১ এপ্রিল থেকে হাসপাতালে আবার কর্মবিরতি চলবে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করার শর্তে কর্মবিরতি প্রত্যাহারের কথা জানিয়েছেন তারা। তবে মামলা করার পর থেকে রবিবার দুপুর পর্যন্ত কোনও আসামি গ্রেফতার হয়নি।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, চিকিৎসকদের মারধর ও ভাঙচুরের ঘটনায় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ছয় থেকে সাতজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।

উল্লেখ্য, শুক্রবার রামেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে মোশাররফ হোসেন খান (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের হাতাহাতি হয়। পরে পুলিশের সঙ্গেও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পাঁচ দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্নরা।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানকে মিডিয়ার সামনে ক্ষমা চাইতে হবে এবং তাকে প্রত্যাহার করতে হবে। হাসপাতালে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে। ইন্টার্নদের কাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে রোগীর মৃত্যু নিয়ে এ ঘটনা তাদের স্বজনদের ক্ষমা চাইতে হবে।

/এনএস/এএইচ/