পাবনায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের বিল ভাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন বিল ভাদুড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বলেন, ‘ধারালো অস্ত্র দিয়ে সুমনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের বাবা জানিয়েছেন, সুমন মাদকাসক্ত ছিলেন। তবে হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল এবং কারা এতে জড়িত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’

তিনি আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।