নরসিংদীর ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি সার কারখানা থেকে হাত-পা ও বিশেষ অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) বিকালে কারখানার ভেতরের একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর।
পুলিশ ও কারখানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে কারখানার ভেতরে কাজ করতে আসা কয়েকজন শ্রমিক মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তারা কারখানা কর্তৃপক্ষকে জানান। কারখানা কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘ঘোড়াশাল সার কারখানার উত্তর-পশ্চিম কোণে মরদেহটি পড়ে ছিল। কারথানা কর্তৃপক্ষের ফোনে দুপুরে আমরা ঘটনাস্থলে যাই। লাশের দুই হাত-পায়ের আঙুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে হত্যাকাণ্ডটি ঘটেছে। অন্য কোথাও হত্যা করে এখানে মরদেহ ফেলে রাখা হয়। পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। হত্যাকারীরা মরদেহটি গুম করার জন্য নির্জন এই স্থানে ফেলে যায় বলেও ধারণা করছি।’
কারখানার ভেতরে ঘটনাটি কীভাবে ঘটলো সে তথ্য জানতে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজারের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ খানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলও রিসিভ করেননি। পরে এসএমএস পাঠিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চাইলেও কোনও জবাব দেননি।