মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহরিয়ার মাহমুদ স্বাধীনকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে জেলা ছাত্রদলের দফতর সম্পাদক আসিফ ইকবালের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। আসিফ ইকবাল নিজেই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা ছাত্রদলের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাহরিয়ার মাহমুদ স্বাধীনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে, শাহরিয়ার মাহমুদ স্বাধীনের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি ঘিরে বিতর্কের মধ্যেই তার বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানালো জেলা ছাত্রদল।
আসিফ ইকবাল বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার মাহমুদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বহিষ্কারের বিষয়টি অনুমোদন করেছেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম।