‘জয় বাংলা’ স্লোগানে লালমনিরহাটে আগুন, বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

লালমনিরহাটের বিভিন্ন স্থানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন জ্বালিয়ে সড়কে সাময়িক অবরোধের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

একাধিক সূত্রের দাবি, এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের লালমনিরহাট জেলা শাখার সভাপতি আরিফ ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জীবন রায়ের সম্পৃক্ততা থাকতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সড়কে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের স্লোগানে ওই নেতাদের নামও শোনা যায়।

জেলার সদর উপজেলার তিস্তা-বুড়িমারী মহাসড়ক, মহেন্দ্রনগর থেকে বড়বাড়ি, মোস্তফি থেকে বড়বাড়ি, কুলাঘাট থেকে মিশন মোড় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এলাকায় আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ ছাড়া আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি-আদিতমারী সড়কেও আগুন জ্বালিয়ে অবরোধ করা হয় বলে বিভিন্ন ফেসবুক পেজে ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টে দাবি করা হয়েছে।

তবে এসব ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহম্মেদ বলেন, আমার লোক মাঠে আছে।