পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করতে গিয়ে তার প্রতিবেশী নরেশ বিশ্বাস নামে এক নাপিতকে আটক করেছে পুলিশ। পরে তাকে থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, নরেশ দীর্ঘদিন ধরে সেলুনে নাপিতের কাজ করেন, তাকে কখনও রাজনীতিতে জড়িত থাকতে দেখেননি তারা।
সোমবার (তারিখ) রাত ১২টার দিকে উপজেলার কৈডাঙা গ্রামে ভাঙ্গুড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুকেশ কুমারের বাড়িতে এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকেশ পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। আটক নরেশ বিশ্বাস ওই গ্রামের কৃষ্ণ হালদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুকেশ কুমার বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি পালন করতেন। এসব কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করতেন তিনি। সম্প্রতি দেশব্যাপী ছাত্রলীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে তাকে আটকের উদ্যোগ নেয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সুকেশ ও নরেশ পাশাপাশি বাড়িতে বসবাস করেন। সুকেশ মাঝেমধ্যে নরেশের সদ্য নির্মিত বাড়িতে যাতায়াত করতেন। সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতার অসুস্থতা উপলক্ষে ওই বাড়িতে প্রার্থনার আয়োজন করা হয়। সেই আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভিডিওর সূত্র ধরে বাড়িটির অবস্থান শনাক্ত করে পুলিশ। এরই ধারাবাহিকতায় সেখানে অভিযান চালানো হয়।
নরেশের সেলুনটি উপজেলার কলেজপাড়া এলাকায়। সেলুনের পাশের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, নরেশ প্রায় এক দশক ধরে সেখানে নাপিতের কাজ করছেন। তাকে কখনও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখেননি তারা।
ফেসবুকে যোগাযোগ করা হলে সুকেশ কুমার বলেন, নরেশ তার প্রতিবেশী হলেও কোনও সহযোগী বা কর্মী নন। তিনি পেশায় নাপিত। সম্প্রতি প্রার্থনার আয়োজন উপলক্ষে নরেশের সদ্য নির্মিত বাড়ির প্রায় ফাঁকা একটি কক্ষে তিনি প্রসাদ খেয়েছিলেন। এ কারণে পুলিশ নরেশকে আটক করেছে বলে দাবি করেন সুকেশ। তার মতে, এটি অন্যায়।
ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম বলেন, নাশকতা ও নিষিদ্ধ কার্যক্রম প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ফেসবুকে প্রচারিত সুকেশ কুমারের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও যাচাই-বাছাই করে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকেশ পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ সময় নরেশকে আটক করে থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।