নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে আটকে রেখে ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা বাবুল হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ সময় ওই ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গত শুক্রবার (১৩ নভেম্বর) বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তেবাড়িয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল কাদের। অভিযোগে জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন (৩০), সাধারণ সম্পাদক সাব্বির হোসেন (৩২), ছাত্রদলকর্মী জাহিদুল ইসলাম (৩০), সুজন মিয়া (২৮), বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তল আলী (৩০), রুবেল হোসেন (৩০) ও জোবায়ের হোসেনকে (৩৫) অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের অনুসারী। চামটা বিলের পানি নিষ্কাশনের মুখে অবৈধভাবে সোঁতি জাল বসিয়ে মাছ শিকারকে কেন্দ্র করে ব্যবসায়ী আব্দুল কাদেরকে আটকে রেখে মারধর ও চাঁদা আদায় করা হয়।
আব্দুল কাদেরের অভিযোগ, বিস্তীর্ণ চামটা বিলসহ অন্তত ২০টি বিলের পানি নিষ্কাশনের একমাত্র পথ চামটা ব্রিজ। দলীয় প্রভাব খাটিয়ে অভিযুক্ত ব্যক্তিরা ওই ব্রিজের মুখে অবৈধভাবে সোঁতি জাল বসিয়ে মাছ শিকার করছিলেন। এতে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছিল।
স্থানীয়দের দাবি, চামটা ব্রিজ দিয়ে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের দাঁড়িকুঁশি, শ্রীরামপুর, কৈখোলা, চালতার বিল, জর্দার বিল, খলসেগাড়ি ও হাঁড়িভাঙ্গা এবং গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা ইউনিয়নের ভিটা, কুমরিগাড়ী ও ডাবরগাড়িসহ দুই উপজেলার অন্তত ২০টি বিলের পানি নিষ্কাশন হয়। কিন্তু সোঁতি জাল বসানোর কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। এতে পানি নামতে দেরি হওয়ায় রবিশস্যের আবাদ নিয়ে ঝুঁকিতে পড়েন কৃষকেরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বড়াইগ্রাম উপজেলা প্রশাসন সোঁতি জালটি উচ্ছেদ করে।
ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, সোঁতি জালের সামনেই তার ফসলি জমি রয়েছে। এ কারণে জাল উচ্ছেদের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা তাকে সন্দেহ করেন। একপর্যায়ে জাল উচ্ছেদের দিন সন্ধ্যায় জমি থেকে বাড়ি ফেরার পথে চামটা গ্রামের আফসার আলীর বাড়ির পাশের একটি আমবাগান থেকে বাবুল হোসেন লোকজন নিয়ে তাকে তুলে চামটা ব্রিজের ওপর আটকে রাখেন। সোঁতি জাল উচ্ছেদের ক্ষতিপূরণ হিসেবে তার কাছে ১২ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তাকে মারধর করা হয়।
তিনি আরও বলেন, অন্তত পাঁচ ঘণ্টা আটকে রাখার পর বাড়িতে খবর দিয়ে তিন লাখ টাকা আনিয়ে ছাত্রদল নেতা বাবুল ও বিএনপি নেতা আফসার আলীর হাতে তুলে দেন। এ সময় আরও এক লাখ টাকা দেওয়ার অঙ্গীকার নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে মুখ খুললে কিংবা থানায় অভিযোগ করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আফসার আলী বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। কোথায় কী ঘটেছে, তা-ও আমার জানা নেই।
ছাত্রদল নেতা বাবুল হোসেন বলেন, তাকে অযথা সন্দেহ করা হয়েছিল। আব্দুল কাদেরের কাছ থেকে তারা কোনও টাকা লেনদেন করেননি।
ব্যবসায়ীকে আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।