নদীভাঙনে সর্বস্ব হারিয়েও মেলেনি সরকারি টিন, পেলেন সচ্ছল-প্রভাবশালীরা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্দ করা সরকারি ঢেউটিন বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ৭০টি পরিবারকে দুই বান্ডিল করে টিন দেওয়া হলেও স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, সুবিধাভোগীদের অনেকের বাড়িঘরই নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়নি। কারও কারও বাড়ি ভবিষ্যতে ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে এমন আশঙ্কায়ও সহায়তা দেওয়া হয়েছে। অন্যদিকে, নদীভাঙনে বসতভিটা হারানো অনেক পরিবার সহায়তা পায়নি। অভিযোগকারীদের দাবি, সুবিধাভোগীদের তালিকায় রাজনৈতিকভাবে প্রভাবশালী ও আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ২০ অক্টোবর সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উদ্যোগে সোনাতনী ইউনিয়নের ৭০টি পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়। দুই বান্ডিল টিনের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা। এ ছাড়া প্রতি বান্ডিলের বিপরীতে ৩ হাজার টাকা হিসাবে পরিবারপ্রতি ৬ হাজার টাকা বরাদ্দ রয়েছে। তবে অর্থ বরাদ্দের টাকা এখনো না আসায় সুবিধাভোগীরা তা পাননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ধিতপুর ঘোনাপাড়া গ্রামের হাফিজুর রহমান, হারুন উর রশিদ ও রমজান আলী এ সহায়তা পেয়েছেন। তাদের মধ্যে হাফিজুর স্থানীয় খুচরা সার ডিলার। তার বাড়ি নদীর কাছে হলেও এখন পর্যন্ত ভাঙনের শিকার হয়নি। হাফিজুর বলেন, নদীভাঙন অব্যাহত থাকলে তার বাড়ি ঝুঁকিতে পড়তে পারে। সেই আশঙ্কা থেকেই তিনি টিন পেয়েছেন। হারুন উর রশিদ ওয়ার্ড কৃষক দলের সহসভাপতি। অভিযোগকারীদের ভাষ্য, তার বাড়িও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়নি।

একই গ্রামের চান আলী, মানিক, মোশারফ ও আব্দুল আজিজ বলেন, তাদের বাড়িঘর একাধিকবার নদীভাঙনের শিকার হলেও তারা কোনও সরকারি সহায়তা পাননি। তাদের দাবি, ধিতপুর ও ধিতপুর ঘোনা গ্রামের প্রায় ১৫০টি পরিবার নদীভাঙনে বসতভিটা হারিয়েছে। অথচ ওই দুই গ্রাম থেকে মাত্র ছয়জন সহায়তা পেয়েছেন। তাদের মধ্যে হাফিজুর, হারুন ও রমজানের বাড়ি এখনও নদীতে বিলীন হয়নি। তালিকা তৈরির আগে সরেজমিনে ক্ষয়ক্ষতি যাচাই করা হলে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ পড়ার ঘটনা ঘটত না বলে মনে করেন তারা।

পাশের কুরশি গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি মুন্টু মোল্লা, কৃষক দলের সভাপতি আল আমিন ও বিএনপিকর্মী সোহেলও দুই বান্ডিল করে টিন পেয়েছেন। অভিযোগকারীদের দাবি, তাদের বাড়িঘর নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়নি। মুন্টু মোল্লা বলেন, এ বছর তার বাড়ি ভাঙেনি। স্থানীয় লোকজনের মাধ্যমে উপজেলা প্রশাসন থেকে তিনি টিন পেয়েছেন। তবে নদীভাঙন অব্যাহত থাকলে কয়েক বছর পর তার বাড়ি ভাঙতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

বড় চান্তারা গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি ও সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার তুষ্টু এবং বিএনপিকর্মী আব্দুল জব্বারও টিন পেয়েছেন। ছোট চান্তারা গ্রামের ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলমগীর হোসেন ও আব্দুল মালেকও এ সহায়তা পেয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের বাড়িঘরও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়নি।

এ ছাড়া নদীর পশ্চিম পাড়ের জগতলা গ্রামের মোজিবুর রহমান, খালেক মেম্বার, ওমর, মোশারফ মেম্বার, মজিদ ও শামসুল টিন পেয়েছেন। অভিযোগকারীদের দাবি, গত ১৫ থেকে ২০ বছরে তাঁদের কারও বাড়িঘর নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২০ বছর আগে কুরশিসহ আশপাশের গ্রামের মানুষ নদীর পশ্চিম পাড়ে বসতি গড়েন। ওই পাশে ভাঙন প্রতিরোধে ব্লকের বাঁধ থাকায় সেখানে নদীভাঙনের আশঙ্কা তুলনামূলক কম। তাদের অভিযোগ, সুবিধাভোগীদের অনেকেই স্থানীয়ভাবে প্রভাবশালী ও আর্থিকভাবে সচ্ছল। তাদের কারও ছেলে সেনাবাহিনীতে চাকরি করেন, কেউ প্রবাসে থাকেন। অনেকের বাড়িতে রয়েছে পাকা দালান।

অন্যদিকে, ধিতপুর গ্রামের চান আলী, সাইফুল ইসলাম, মানিক, মোশারফ, রহমত আলী ও আব্দুল কাদের বলেন, নদীভাঙনে তাদের বসতভিটা ক্ষতিগ্রস্ত হলেও তারা সরকারি টিন কিংবা টাকা পাননি। অথচ যারা সহায়তা পেয়েছেন, তাদের অনেকের বাড়িঘর অক্ষত এবং আর্থিক অবস্থাও ভালো। রাজনৈতিক নেতারা নিজেদের আত্মীয়স্বজন ও পছন্দের লোকজনকে সুবিধাভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন বলেও অভিযোগ করেন তারা।

সোনাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, তিনি লোকমুখে টিন বিতরণের কথা শুনেছেন। কারা পেয়েছেন আর কারা পাননি, সে বিষয়ে তার কিছু জানা নেই। তাকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানো হয়নি বলেও দাবি করেন তিনি।

তবে শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অভিযোগকারীদের উল্লেখ করা ব্যক্তিরা উপকারভোগীদের তালিকায় নাম থাকায় সহায়তা পেয়েছেন। তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে কারা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত আর কারা নন, তা বিস্তারিতভাবে যাচাই করা তাদের পক্ষে সম্ভব হয়নি। তারা তালিকা অনুযায়ী টিন বিতরণ করেছেন।

তালিকা কারা তৈরি করেছেন, জানতে চাইলে মিজানুর রহমান বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের ব্যক্তিদের মাধ্যমে তালিকা তৈরি করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিতরণের বিষয়ে জানতেন না বলে যে দাবি করেছেন, তাও নাকচ করেন তিনি।

উপকারভোগীদের তালিকা সংগ্রহের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করা হলেও তা পাওয়া যায়নি। ফলে কারা কীভাবে সুবিধাভোগী হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তাদের ক্ষয়ক্ষতি কীভাবে যাচাই করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।