নিষিদ্ধ ছাত্রলীগের দাবি মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ ছিল, পুলিশ বলছে ‘সুযোগ দেইনি’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাবনার বিভিন্ন স্থানে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন। জেলার আতাইকুলা, ভাঙ্গুড়া, সাঁথিয়া, বেড়া ও ঈশ্বরদী এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়েছে।

পাবনা জেলা নিষিদ্ধ ছাত্রলীগের ফেসবুক থেকে প্রচারিত ছবি ও তথ্য অনুযায়ী, আতাইকুলা থানা এলাকায় পাবনা-ঢাকা মহাসড়ক, ভাঙ্গুড়ায় পাবনা-সিরাজগঞ্জ মহাসড়ক, সাঁথিয়া ও বেড়ায় পাবনা-ঢাকা মহাসড়ক এবং ঈশ্বরদীতে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এসব কর্মসূচিতে সড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। তবে পাবনা-ঢাকা মহাসড়ক ২ থেকে ৩ ঘণ্টা বন্ধ ছিল বলে দাবি করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের পাবনা জেলা সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান রাভা।

তবে মহাসড়ক অবরোধের বিষয়ে পুলিশের বক্তব্যে ভিন্ন। মাধপুর থানার এসআই শহিদুল ইসলাম জানান, রাতে কিছু কিছু স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ কেটে, গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করেছিল। স্থানীয় সাঁথিয়া থানা পুলিশের সহযোগিতায় তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। বর্তমানে মহাসড়ক স্বাভাবিক রয়েছে।