সেই কারারক্ষীর বিরুদ্ধে এবার ধর্ষণ মামলা করলেন প্রেমিকা

জয়পুরহাট জেনারেল হাসপাতালের ওয়ার্ডে প্রেমিকাকে নিয়ে আপত্তিকর অবস্থায় আটক কারারক্ষী ওয়াজেদ আলীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে। বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে ওই ছাত্রী মামলাটি করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে জয়পুরহাট থানায় মামলাটি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকালে থানার ওসি নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ওই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা।

‎ওয়াজেদ আলী (৪২) জয়পুরহাট জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর রাত আড়াইটার দিকে হাসপাতালের এক নম্বর পুরুষ ওয়ার্ডে ওই কারারক্ষী ও কলেজছাত্রী অবস্থান করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনেরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ওই ছাত্রীর অভিভাবক এবং ওয়াজেদ আলীর স্ত্রী ও সন্তানেরা থানায় আসেন। প্রথম দফায় জিজ্ঞাসাবাদে ছাত্রীটি কোনও অভিযোগ করেননি। বরং ওয়াজেদ আলীর নামে মামলা করতে অনীহা প্রকাশ করেন। পরে পুলিশ তাকে তার মায়ের জিম্মায় দেয়। তবে থানা থেকে বের হওয়ার পর ওয়াজেদ আলী বিয়ের আশ্বাস দিয়ে ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে যান। জয়পুরহাট জেলা কারাগারের কাছে পৌঁছে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে ওই ছাত্রী জয়পুরহাট রেলস্টেশনে গিয়ে রেললাইনে বসে পড়েন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এরপর জিজ্ঞাসাবাদে ওই ছাত্রী অভিযোগ করেন, বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন ওয়াজেদ আলী। এ ঘটনায় তিনি তার বিরুদ্ধে মামলা করেন।

‎ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত ওয়াজেদ আলীকে এখনও গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে এবং নিরাপত্তার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালত এটি মঞ্জুর করেছেন।

কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, ওয়াজেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।