খুলনা জেলার ৯টি থানায় গত ২৪ ঘণ্টায় ৩১ জন গ্রেফতার। পাশাপাশি ৭৩৮টি যানবাহন তল্লাশি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিক শুভ্র জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গত ২৪ ঘণ্টায় জেলার ৯টি থানা এলাকায় নিয়মিত অভিযান ও যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে পুলিশ। এ সব অভিযানে বিভিন্ন মামলায় ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯টি মামলা ও ১০টি যানবাহন আটক করা হয়েছে। এ সময় মাদকবিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে খুলনা জেলা পুলিশের নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।