গাইবান্ধায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

আইন-আদালতগাইবান্ধার সুন্দরগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলে শহিদুল ইসলামকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে আট হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মঙ্গলবার বিকালে গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সুবর্ণদহ পুরসা পাড়া গ্রামের ভাদু শেখের ছেলে। বর্তমানে তিনি গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৪ সালের ১ জুলাই রাতে শহিদুল ইসলাম তার মা রহিমা বেগমকে গলাটিপে হত্যা করেন। এ ঘটনার পরের দিন ২ জুলাই জনৈক মুকুল মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা অধিকতর তদন্ত শেষে ছেলে শহিদুলকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আসামি শহিদুল ইসলামের উপস্থিতিতে বিচারক এ রায় দেন।

আরও পড়ুন:

নেত্রকোনায় শিশু হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

/বিটি/