রংপুরে বাসচাপায় সেনাসদস্য নিহত

রংপুররংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য নিহত হয়েছেন। তার নাম সোহাগ। এ ঘটনায় আরেক সেনাসদস্য আহত হয়েছেন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বড়দরগা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাজী শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সেনাসদস্য সোহাগের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বালুয়ারহাট গ্রামে। সে ঈদ করতে বাড়িতে এসেছিল বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়,ঢাকা সেনানিবাসে কর্মরত সেনাসদস্য সোহাগ তার এক সহকর্মী সেনাসদস্যকে নিয়ে মোটরসাইকেলে করে বগুড়ার মোকামতলা থেকে রংপুর আসছিল। রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় আসলে ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে দুই সেনাসদস্য গুরতর আহত হয়। মিঠাপুকুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করে। অপর মোটরসাইকেল আরোহী এখন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তার এখনও কোনও পরিচয় পাওয়া যায়নি।

এদিকে মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বাসটির ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

আরও পড়ুন: সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি ৬ ঘণ্টা! 

/এআর/