দিনাজপুরের হিলিতে ইয়াবা, ফেন্সিডিল ও মদসহ আটক হাকিমপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিককে (৫৫) জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার দুপুরে হিলির চন্ডিপুর এলাকার নিজ বাড়ি থেকে ৪১০ পিস ইয়াবা, ৪৬ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল মদসহ আবু বক্কর সিদ্দিকে গ্রেফতার করে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। আটককৃত আবু বক্কর সিদ্দিক চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর জানান, বৃহস্পতিবার সকালে আবু বক্কর সিদ্দিককে র্যাব সদস্যরা আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ডিএডি নুরুল আমিন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে। পরে আসামিকে দুপুরেই দিনাজপুর আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেল-হাজতে পাঠিয়েছে।
হাকিমপুর পৌর আওয়ামী লীগের সভাপতি নুরল ইসলাম ডাব্লু জানান, আবু বক্কর সিদ্দিক হাকিমপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
/জেবি/
আরও পড়তে পারেন : সেই পান দোকানির মাথায় ‘আঘাতের চিহ্ন’ রয়েছে