সার্ক সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত সঠিক: এরশাদ

ershadপ্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বাংলাদেশের সার্ক সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত সঠিক হয়েছে। কারণ একদিনে পাকিস্তান আর ভারতের মধ্যে যে যুদ্ধাবস্থা বিরাজ করছে অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে পাকিস্তানের হস্তক্ষেপ কাম্য নয়। ফলে সরকারের সিদ্ধান্ত সঠিক বলে জানান তিনি।

সোমবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মধ্যবর্তী নির্বাচন চান না জানিয়ে এরশাদ জানান, দুই বছর পর নির্বাচন হবে। যেহেতু ২৬ বছর ধরে তার দল ক্ষমতার বাইরে এবং তিনি দীর্ঘদিন কারাগারে আটক ছিলেন ফলে দলকে সংগঠিত করার তেমন উদ্যোগ নেওয়া যায়নি। কিন্তু ১ অক্টোবর সিলেটের হযরত শাহ জালালের মাজার জিয়ারত করে তিনি আবারও দলকে শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনের আগাম প্রস্তুতির জন্য প্রচারনা শুরু করেছেন। এরপর রংপুরেও বড় ধরনের সমাবেশ করবেন তিনি। এরপর বিভাগীয় শহরগুলোতেও সমাবেশ করে দলকে শক্তিশালী করবেন বলে জানান এরশাদ।

এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে নেমে  সরাসরি রংপুর সার্কিট হাউজে আসেন এরশাদ।

/বিটি/