‘ইসি গঠনে আইন প্রণয়নের কোনও প্রস্তাব রাষ্ট্রপতিকে দেওয়া হয়নি’

মির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠন করার জন্য কোনও আইন প্রণয়ন করার কথা বলিনি। আমরা রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছি, বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে দিকে রংপুর পর্যটন মোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘এখন যারা আইন তৈরি করবেন তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়। তাদের দ্বারা আইন প্রণয়ন করা হলে তা সঠিক হবে না। কিন্তু সার্চ কমিটি নিরপেক্ষ হতে হবে এবং তারা নিরপেক্ষ ব্যাক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করবে।’
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যতগুলো নির্বাচন হয়েছে তার কোনটিই সুষ্ঠু হয়নি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘সব নির্বাচনই একতরফা ভাবে হয়েছে। জেলা পরিষদ ছাড়া বিএনপি সব নির্বাচনে অংশ নিয়েছে। জনগণ দেখেছে কিভাবে কারচুপি করে সরকারের প্রার্থীরা জয়ী হয়েছে।’
বিএনপির সাংগঠনিক ভিত্তি এবং জনগণের কাছে এ দলের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা কমেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিএনপির এ নেতা বলেন, ‘বিএনপি এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং সাংগঠনিক ভাবে শক্তিশালী। দলের কর্মকাণ্ড পুরোপুরি সচল আছে।’ এসময় সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি রংপুর পর্যটন মোটেলে এসে পৌঁছান ফখরুল। সেখানে অপেক্ষামান দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে তিনি রংপুরের মিঠাপুকুরের উদ্দেশে রওয়ানা দেন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত এক কর্মকর্তার স্বজনের বিয়েতে ফখরুল রংপুরে গিয়েছেন। এটা পুরোপুরি ব্যক্তিগত কর্মসূচি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা কাওসার জামান বাবলা।

/এমও/