পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আবদুল হান্নান (৩৫) ও ফেরদৌস এলাহী (৩৬) নামে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। রবিবার ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার জুনদহ ও বিকালে মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল হান্নান পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে ও ফেরদৌস এলাহী সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের খাজা মিয়ার ছেলে। এর মধ্যে আবদুল হান্নান ভ্যানের যাত্রী ও ফেরদৌস এলাহী ট্রলি চালক ছিলেন।
পলাশবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এসএসআই) ফজির আহমেদ জানান, রবিবার ভোর রাতে কোমরপুর এলাকায় ইসলামী জলসা শেষে বাড়ি ফিরছিলেন চালক ও চার ভ্যানযাত্রী। পথে জুনদহ এলাকায় একটি নৈশকোচ ভ্যানকে পেছন থেকে চাপা দিলে ভ্যানযাত্রী আবদুল হান্নান ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে, বিকালে ফেরদৌস এলাহী ট্রলি বোঝাই ইট নিয়ে ঢোলভাঙ্গা থেকে গাইবান্ধা শহরে যাচ্ছিলেন। পথে ঝালিঙ্গি এলাকায় চালক ফেরদৌস নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলি উল্টে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় ও ট্রলির হেলপার গুরুতর আহত হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এমও/