নীলফামারীতে ছিটমহল বিনিময়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

নীলফামারীর ডিমলায় ছিটমহল বিনিময়ের দুই বছর পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সকালে পশ্চিম খড়িবাড়ি শহীদস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠনিকতা। পরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়।

ছিটমহল বিনিময়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রাআনন্দ শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক ঘুরে একই গ্রামের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রাক-প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়েন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন, বিলুপ্ত ছিটমহল ২৮ নম্বর বড়খানকি গ্রামের সভাপতি ফরহাদ হোসেন, ২৯ নম্বর বড়খানকি খারিজা গিদালদহ গ্রামের সভাপতি মিজানুর রহমান, ৩০ নম্বর বড় খানকি খারিজা গিতালদহ গ্রামের সভাপতি আব্দুল খালেক এবং ৩১ নম্বর নগরজিগাবাড়ি গ্রামের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সেখানে ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ১ আগস্ট বিলুপ্ত হয় বাংলাদেশ-ভারতের মধ্যকার ১৬২টি ছিটমহল। এর মধ্যে বাংলাদেশের ১১১টি ছিটমহলের মধ্যে নীলফামারীর ডিমলায় ছিল চারটি ছিটমহল। ছিটমহল বিনিময়ের ফলে প্রায় ১৭ হাজার ৫০০ একর জমি বাংলাদেশ ও ৭ হাজার ১১০ একর জমি পায় ভারত।

/এমও/