‘সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কোনও কারণ নেই’

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার (অব.) শাহাদত হোসেন চৌধুরীরংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শঙ্কার কোনও কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার (অব.) শাহাদত হোসেন চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন যেকোনও মূল্যে বদ্ধপরিকর। এ ব্যাপারে কারও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রসিক নির্বাচন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন ইসি।

তিনি আরও বলেন, ‘নির্বাচনি আচরণবিধি যে দলের প্রার্থীই ভঙ্গ করবে কাউকেই ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে একজন মেয়র প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।’

বিএনপি মেয়র প্রার্থীর আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানাতে চাই- কোনও আশঙ্কা করবেন না। নির্বাচন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

মতবিনিময়কালে রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা শাহাতাব উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়াও নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও পুলিশ অফিসার ও প্রার্থীদের পুলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে বলে ইসি জানিয়েছেন।