দু’দিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে ৫ টাকা

হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজদুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৫ টাকা। দুই দিন আগে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) প্রকারভেদে ১২-১৭ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১৭-১৮ টাকা দরে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের বাজারে চাহিদা বেশি থাকায় আগে ৪০-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে আমদানি কিছুটা কমে ৩০-৩৫ ট্রাকে দাঁড়িয়েছে।

সরেজমিন হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ১৭-১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দু’দিন আগেও এসব পেঁয়াজ সাড়ে ১২-১৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ প্রকারভেদে ১৮-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগে যা ৩-৫ টাকা কমে বিক্রি হয়েছিল। আর বাজারে দেশি জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে যা গত সপ্তাহে ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সাপ্তাহিক ছুটি ছাড়াও ২৯ এপ্রিল বৌদ্ধ পূর্ণিমা, ১ মে পবিত্র শবে বরাত ও মে দিবস উপলক্ষে চার দিন হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে ভারতীয় রফতানি করা পেঁয়াজের লোডিং কমিয়ে দেওয়ায় বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ কমে গিয়েছে। এছাড়াও বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ কম থাকার কারণে দেশীয় পেঁয়াজের দাম বেশি থাকায় বাজারে আমদানিকৃত পেঁয়াজের চাহিদা বাড়ার কারণে আমদানিকৃত পেঁয়াজের দাম কিছুটা বাড়ছে বলেও তিনি জানান।