কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব জানিয়েছেন, আগামী ১০ জুন কুড়িগ্রাম-৩ আসনের (উলিপুর ও চিলমারী উপজেলার অংশ বিশেষ) উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী ২৫ জুলাই উপনির্বাচনটির অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা বিএনপির নেতা জানিয়েছেন, বিএনপি ওই উপনির্বাচনে অংশ নেবে না।
গত ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম মাইদুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরবর্তীতে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বাসিন্দা ও প্রাইম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. আক্কাছ আলীকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আসনটিতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বেশ কয়েকজন। এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা জানিয়েছেন, আসন্ন উপনির্বাচনে বিএনপি অংশ নেবে না।
জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হলেও এই উপনির্বাচন ১০ম জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হবে। পূর্ববর্তী সীমানা অনুযায়ী কুড়িগ্রাম-৩ আসনের বর্তমান ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৬৬ হাজার ৮শ’ ১১। আসনটিতে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন ব্যতীত বাকি অংশ এবং চিলমারী উপজেলার রমনা, থানাহাট, চিলমারী ও রাণীগঞ্জ ইউনিয়ন অন্তর্ভুক্ত।