হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কাঁচা মরিচ আমদানি বন্ধ থাকলেও সম্প্রতি আবারও বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি শুরু হয়েছে। সোমবার (২ জুলাই) থেকে বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। শনিবার পর্যন্ত চার কার্যদিবসে বন্দর দিয়ে ৯টি ট্রাকে ৭৮ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।
বন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারিতে (ট্রাকসেল) ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর হিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা মরিচ ৮০ থেকে ৮৫ টাকা দরে খুচরা বিক্রি হচ্ছে। আর দেশি কাঁচা মরিচ ৯০ থেকে ১শ’ টাকা কেজি দরে খুচরা বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও এসব কাঁচা মরিচ ১শ’ ২০ টাকা থেকে ১শ’ ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও বাবলুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আমদানি বাড়ালে মরিচের দাম আরও কমবে। এই দুই ব্যবসায়ী আরও জানান, কাঁচামরিচ আমদানিতে প্রতি কেজিতে সরকারকেই শুল্ক দিতে হচ্ছে ২০ টাকার মতো। শুল্ক কিছুটা কমানো হলে ব্যবসায়ীদের যেমন সুবিধা হতো তেমনি দেশের মানুষ আরও কম দামে কাঁচা মরিচ কিনতে পারতো।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, সম্প্রতি দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেশি হওয়ায় ৬/৭ মাস পরে আবারও বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি শুরু করা হয়েছে।