সৈয়দপুরে ২০টি ঘর আগুনে পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি

আগুনে পোড়া ঘরবাড়ির পাশে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্তরানীলফামারীর সৈয়দপুর উপজেলার বেলপুকুর এলাকায় আগুন লেগে ১০টি পরিবারের অন্তত ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সেইসঙ্গে নগদ টাকা, আসবাবপত্র, ধান, চাল ও গবাদিপশুসহ ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পূর্ব বেলপুকুর সুতার পাড়ায় মোকছেদ আলীর গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১০টি পরিবারের অন্তত ২০টি কাঁচা ও টিনের ঘর পুড়ে যায়। খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে পুড়ে গেছে ঘরউপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী জানান, রাতে আগুন লাগায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন কোনও কিছু রক্ষা করতে পারেনি। আগুন লেগে নগদ টাকা, আসবাবপত্র, হাঁস-মুরগি ও গরু-ছাগল পুড়ে গেছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ জানান, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা পরিষদের পক্ষ থেকে বুধবার (৮ আগস্ট) প্রত্যেক পরিবারকে তিন হাজার টাকা, শাড়ি, লুঙ্গি, শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ‘বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

সৈয়দপুর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’