হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এই মাসেই ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু করার জন্য। প্রতিটি ইউনিয়নে প্রায় ১ হাজার হতদরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে। এই প্রকল্পের তালিকাভুক্ত ডিলারের দোকানে প্রতি সপ্তাহে সোমবার, মঙ্গলবার ও বুধবার সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চাল বিক্রি করা হবে।’
চাল বিক্রির ডিলার আতাউর রহমান কাজল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি মূলত বিরামপুর উপজেলার দায়িত্বে রয়েছেন। এর পাশাপাশি তিনি অতিরিক্ত হিসেবে হিলি ও ঘোড়াঘাট উপজেলায় দায়িত্ব পালন করছেন। উনাকে এই তিন উপজেলায় মিটিং করে তারপর এব্যাপারে আমাদের ডিও দেওয়ার কথা রয়েছে। এরপর মিটিংয়ে রেজুলেশন করে আমাদেরকে চালান পাশ করার কথা বলার পরে ব্যাংকে টাকা জমা দিয়ে চাল উত্তোলন করার কথা জানাবেন। কিন্তু এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি। আগামী দুয়েকদিনের মধ্যে হয়তো এবিষয়ে আমাদের জানাবেন।’
হিলি বাজারের রিক্সাচালক সুলতান হোসেন বলেন, ‘হিলিতে এখন পর্যন্ত এই চাল বিক্রি শুরু হয়নি। আমরা গত কয়েকদিন ধরে ডিলারের ঘরগুলোতে চাল কিনতে যাচ্ছি। আর ঘুরে আসছি।’