দিনাজপুরে দুই ইউনিয়নে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

দিনাজপুরদিনাজপুরে দুই উপজেলার দুই  ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার (৩ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন ও বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। ভোট শান্তিপূর্ণ অনুষ্ঠিত করার লক্ষ্যে পুলিশ, আনসার ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তিনজন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২৪ হাজার ২৭১ জন। এর মধ্যে ১২ হাজার ১৮১ জন পুরুষ ও ১২ হাজার ৯০ জন নারী ভোটার।

বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছে মোট ছয়জন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২০ হাজার ৪৪৮ জন। এর মধ্যে ১০ হাজার ৩৪৬ জন পুরুষ ও ১০ হাজার ১০২ জন নারী ভোটার রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।