ডিজিটাল নিরাপত্তা আইনে ফ্রিডম অব প্রেসের ব্যাঘাত ঘটবে না: আইনমন্ত্রী

বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হকডিজিটাল নিরাপত্তা আইন বাক-স্বাধীনতা বা সাংবাদিকতার স্বাধীনতা খর্ব করার জন্য নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আনিসুল হক। তিনি বলেন, ‘পেনাল কোডের মধ্যে যেসব অপরাধের কথা রয়েছে— যেমন মানহানি ও ফৌজদারি। এসব অপরাধ যদি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে করা হয়, তাহলে পরে সেটা ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় পড়বে। ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন করে সাংবাদিকতার স্বাধীনতা বা ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ে ব্যাঘাত  ঘটে— এমন কোনও বিধান নেই। সাংবাদিকতার স্বাধীনতা বা ফ্রিডম অব প্রেসের ব্যাঘাত ঘটবে না।’

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘এই আইনের অপব্যবহার করতে গেলেও এটার মধ্যে এমন কিছু রক্ষাকবচ আছে, যেখানে এটার অপব্যবহার করাটা খুব একটা সহজ নয়। আওয়ামী লীগ সরকার এটার অপব্যবহার করবে না। এই আইনের মাধ্যমে ভবিষ্যতেও যেন কেউ এটা নিয়ে অপব্যবহার না করতে পারে, সেরকম রক্ষাকবচ এটার মধ্যে আছে।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘সংবিধানে নির্বাচন হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা যেহেতু আছে, সেহেতু নির্বাচন হবে। আমরা চাই সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু, আমরা স্বাধীনতায় বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি নির্বাচন স্বাধীনভাবে বিবেচিত হওয়াই ভালো। কোন দল নির্বাচনে আসবে, আর কোন দল আসবে না; তারাই স্বাধীনভাবে সেই সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে আমাদের কোনও বক্তব্য নেই।’

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আবু মনছুর মো. জিয়াউল হক সভাপতিত্ব করেন। পঞ্চগড়-২ আসনের এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের এমপি নাজমুল হক প্রধান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মো. জহিরুল হক, পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার মো. গিয়াসউদ্দীন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধানে ৫০ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন।

আইনমন্ত্রীর আরও খবর: ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের বিরুদ্ধে নয়: আইনমন্ত্রী