পাঁচ বছরের মধ্যে পঞ্চগড়-শিলিগুড়ি রেল চালু হবে: রেলমন্ত্রী

সংবর্ধনা অনুষ্ঠান ও পিঠা উৎসবে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনআগামী পাঁচ বছরের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও বাংলাবান্ধা হয়ে ভারতের শিলিগুড়ি পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজে সংর্বধনা ও দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

পিঠা উৎসব নিয়ে রেলপথমন্ত্রী বলেন, ‘পিঠা উৎসব বঙালি সংস্কৃতির একটি অনুসঙ্গ। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতির এই চর্চা লালন করতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপসংস্কৃতি যাতে সমাজে অনুপ্রবেশ করতে না পারে, সেই মানসিকতা আমাদের গড়ে তুলতে হবে।’

কলেজের অধ্যক্ষ প্রফেসর এম দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্যে দেন— পুলিশের রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মজিদ আলী, পঞ্চগড়ের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাঈমুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ।

এম আর সরকারি কলেজ মাঠে পিঠা উৎসবে কলেজের বিভিন্ন বিভাগের প্রায় ৪০টি বাহারি পিঠার স্টল স্থাপন করা হয়। পরে মন্ত্রী এসব স্টল পরিদর্শন করেন। এসময় অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।