সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোনদুরি কৈপাড়ার শ্রী শ্রী বিশ্বকর্মা মন্দিরের সংস্কার ও মাটি ভরাটের জন্য সাবেক সংস্কৃতিমন্ত্রী বরাবর টিআর প্রকল্পের জন্য বরাদ্দ চেয়ে একটি আবেদন করা হয়। ২০১৭ সালের ৩০ অক্টোবর আবেদনটি করেন মন্দির কমিটির সদস্য আপন কুমার সরকার। পরে ওই মন্দিরের নামে ৭৮ হাজার ২০২ টাকা বরাদ্দ দেওয়া হয় (প্রকল্প নং-টিআর ৬৯)। অনুমোদনের সময় প্রকল্প চেয়ারম্যান হিসেবে আবেদনকারীকে বাদ দিয়ে সাবেক মেম্বার ও আওয়ামী লীগের ইউনিয়ন শাখার ১নং ওয়ার্ডের সভাপতি সচিন্দ্র নাথ সরকারকে করা হয়। সে অনুযায়ী তিনি প্রকল্পের টাকা তুলে নিলেও গত এক বছরে প্রকল্পটি বাস্তবায়ন হয়নি। এলাকাবাসী বিষয়টি তদন্ত করে দোষীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কর্তৃপক্ষের কাছে।
এ ব্যাপারে প্রকল্পের সভাপতি সচিন্দ্র নাথ বলেন, ‘মন্দিরের ওই বরাদ্দের টাকায় মাটি ভরাট ও অবকাঠামো নির্মাণ কোনোভাবে সম্ভব নয়। তাই স্থানীয়ভাবে চাঁদা সংগ্রহের অর্থ দিয়ে মন্দিরের কাজ শুরু করা হবে। আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ সেটি সত্য নয়।’
নীলফামারী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুল ইসলামের বলেন, ‘আমি কিছুদিন আগে এখানে যোগদান করেছি। এ বিষয়ে কিছু জানি না।’
সদর উপজেলা সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল আসাদ মিয়া বলেন, ‘ওই প্রকল্পের টাকা ও স্থানীয়ভাবে কালেকশনের টাকা দিয়ে কাজটি করার কথা ছিল। তবে এখন প্রকল্পের কী অবস্থা সেটা আমি জানি না। আমি বর্তমানে বাঘেরহাটে কর্মরত আছি।’
এ ব্যাপারে কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, কচুকাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও আওয়ামী লীগের সভাপতি হওয়ায় প্রকল্পটি আজও আলোর মুখ দেখেনি। উপজেলা পর্যায়ে জানাজানি হলেও প্রকল্পটি বাস্তবায়নের কোনও প্রকার উদ্যোগ নেওয়া হয়নি।