পাথর ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক বাচ্চুর ছেলে আবির। তার মা তাসরিফা খানম পাটগ্রাম মডেল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আবিরের মৃত্যুতে তার ঢাকার ও পাটগ্রামের বাসায় শোকের মাতম বইছে। আবিরের মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছেন বাবা আবু বক্কর ও মা তাসরিফা।
অগ্নিকাণ্ড শুরুর পর থেকে নিখোঁজ ছিলেন আনজির সিদ্দিক আবির। পরে ওই ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতল মর্গে নিয়ে যাওয়া হয়।
আবির ওই ভবনের ১৪ তলায় মিকা সিকিউরিটিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পারিবার সূত্রে জানা গেছে, আবির সর্বশেষ বাড়িতে এসেছিলেন গত ১০ মার্চ অনুষ্ঠিত পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনের কয়েকদিন আগ। তিনি সেসময় তার চাচাতো ভাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপুর হয়ে নির্বাচনি প্রচারণা চালান। আবির রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে ওই কোম্পানিতে যোগদান করেন।
আবিরের মামা আরাফাত সুলতান কার্নিজ বলেন, আবির মামার মা ও বাবা ঢাকায় রয়েছেন। মরদেহ লালমনিরহাট নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে ২৩ তলাবিশিষ্ট বনানীর এফ আর টাওয়ারের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৯ জন।