গুরুতর আহতদের প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী নাজিমুল ইসলামের (পাথর শ্রমিক) সঙ্গে স্ত্রী রশিদা বেগমের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। রবিবার সকালে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এসময় নাজিমুল তার স্ত্রী রশিদা বেগম (৩০), মেয়ে নাজিরা বেগম (১০) ও রিয়া মনিকে (৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় ছোট মেয়ে রত্নাকে (৬ মাস) আছাড় মারলে সে ঘটনাস্থলে মারা যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কনসালটেন্ট (আবেদনবিদ) ডা. মনসুর আলম বলেন , চারজন রোগী জরুরি বিভাগে আসে। মারামারির ঘটনা বলে আমরা শুনেছি। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রত্না নামে ৬ মাসের এক শিশু মারা গেছে।
পঞ্চগড় থানার এসআই আব্দুল জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। অভিযুক্ত স্বামী নাজিমুল পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’