দেবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণে অভিযুক্ত শাহিন আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কিস্তির টাকা জমা দিতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার হওয়ার ঘটনা করা মামলায় অভিযুক্ত শাহিনকে আটক করেছে র‌্যাব-১৩। শনিবার সকালে দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের ধনতলা গ্রামের বাড়ি থেকে শাহিনকে আটক করা হয়।

র‌্যাব-১৩ নীলফামারীর কোম্পানি কমান্ডার মেজর গালিব প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানান।

তিনি জানান, ঘটনার পর থেকেই গৃহবধূকে ধর্ষণে অভিযুক্ত শাহিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা শাহিনকে তার বাড়ি থেকে আটক করি। তাকে দেবীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে ১৬ এপ্রিল সকালে দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের ধনতলা গ্রামের ওই গৃহবধূ একটি বেসরকারি সংস্থার ঋণের কিস্তির টাকা দেওয়ার জন্য ওই সংস্থার কিস্তি আদায় কেন্দ্র আইজুল ইসলামের বাড়িতে যান। এ সময় ওই কেন্দ্রে (বাড়িতে) অন্য মহিলারা না আসায় এবং তাকে একা পেয়ে ওই এলাকার আব্দুল হামিদের ছেলে শাহীন (২২) ধর্ষণ করে। এমনকি তাকে বিষয়টি প্রকাশ না করার জন্য বিভিন্ন হুমকি দেয়। পরে ওই গৃহবধূ বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। গত ২৪ এপ্রিল রাতে ওই গৃহবধূ শাহীনকে আসামি করে দেবীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। ২৫ এপ্রিল দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা হয়েছে।