সব পক্ষকে সংযত থেকে কাশ্মির সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুলবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কাশ্মির ইস্যু সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠলেও এটি অনেক পুরনো সমস্যা। আমাদের সংবিধান অনুযায়ী, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং কোনও নির্যাতিত জাতি যদি আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য লড়াই করে তাকে সমর্থন করা— এ দু'টি বিষয়েরই উল্লেখ আছে। এ প্রেক্ষাপটে কাশ্মিরের জনসাধারণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সমস্যা সমাধানের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসার আহ্বান জানাই।’

রবিবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এমন কোনও পদক্ষেপ নেওয়া বা এমন কোনও উসকানি দেওয়া উচিত নয়, যাতে কাশ্মিরের জনগণের ওপর আরও নির্যাতন বাড়ে।’

দেশবাসীকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এই দোয়াই করি যেন দেশবাসী বর্তমান অবস্থা থেকে বেরিয়ে সার্বিকভাবে ভালো থাকেন এবং সবার মঙ্গল হয়।’

তিনি বলেন, ‘ভয়াবহ অসুস্থতা সত্ত্বেও খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। নিতান্ত মানবিক কারণেই এ ধরনের ক্ষেত্রে জামিন দেওয়া হয়। অথচ সরকার বেআইনি ও অনৈতিকভাবে তাকে কারাগারে আটক করে রেখেছে।’

ডেঙ্গু ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ‘ডেঙ্গু বিস্তারে সরকার যথাসময়ে দায়িত্বশীলতার পরিচয় দিলে এতগুলো মানুষের প্রাণহানি হতো না এবং ডেঙ্গু মহামারি আকারে সারাদেশে ছড়াতো না।’

ঈদযাত্রা নিয়ে তিনি বলেন, ‘ঈদের সময় মানুষ আপনজনদের কাছে আসেন। সেই আসাটা এতই কষ্টকর যে ঘরে ফিরতে লোকজনের ২৩/২৪ ঘণ্টা লেগে যাচ্ছে। অথচ সরকারের মন্ত্রী বলছেন, এবারের ঈদযাত্রায় যানজট নেই। রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ খারাপ শুধু এ কারণেই দেরি হচ্ছে না। কোরবানির গাড়িগুলো থামিয়ে চাঁদাবাজি মারাত্মকভাবে বেড়েছে। এটাও এই বিলম্বের অন্যতম কারণ। সড়ক ঠিক রেখে মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যে চ্যালেঞ্জ ছিল, অনেক আগে থেকেই এর জন্য পরিকল্পনা করা দরকার ছিল। যা করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’