ভারতের প্রজাতন্ত্র দিবসে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ

হিলি স্থলবন্দর (ফাইল ছবি)ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরের কার্যক্রম চালুসহ হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৬ জানুয়ারি ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে সরকারি ছুটি। তাই ভারতীয় রফতানিকারকরা বন্দর দিয়ে কোনও প্রকার পণ্য ভারত থেকে বাংলাদেশে রফতানি বা বাংলাদেশ থেকে ভারতে আমদানি করবেন না।’

তিনি জানান সোমবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান বলেন, ‘বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।’